Logo Logo

বিশ্বকাপের ম্যাচ যুক্তরাষ্ট্রে নয়, মেক্সিকোতে চায় ইরান


Splash Image

ফিফা আয়োজিত ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নতুন দাবি তুলেছে ইরান। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রে না খেলে মেক্সিকোতে ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন।


বিজ্ঞাপন


ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজনের বিষয়ে তারা ফিফার সঙ্গে আলোচনা করছেন। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মেক্সিকোতে ইরানি দূতাবাসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেহদি তাজ বলেন, যুক্তরাষ্ট্রে ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না—এমন বক্তব্যের পর সেখানে গিয়ে খেলা সম্ভব নয়। তাই বিশ্বকাপের ম্যাচ মেক্সিকোতে আয়োজনের জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এর আগে দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামালও যুক্তরাষ্ট্রে খেলা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত ও রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরানের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন। এমন অবস্থায় বিশ্বকাপে অংশ না নেওয়ার কথাও বিবেচনায় ছিল বলে জানান তিনি।

তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাধারণ সম্পাদক উইন্ডসর জন জানিয়েছেন, ইরানের বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। তিনি বলেন, ইরান এশিয়ান ফুটবল পরিবারের সদস্য এবং তারা খেলবে বলেই আশা করা হচ্ছে।

২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। সূচি অনুযায়ী ইরানের গ্রুপপর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা ছিল। এ কারণেই অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। সূচি অনুযায়ী গ্রুপপর্বে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে এবং সিয়াটলে মিসরের বিপক্ষে খেলার কথা রয়েছে ইরানের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...