Logo Logo

সাত দিনের মধ্যে আসাদগেট-শ্যামলী এলাকার সব ক্লিনিক পরিদর্শনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর


Splash Image

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার প্রতিটি ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই সাঁড়াশি অভিযানের ঘোষণা দেন।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই কার্যক্রম নিয়মিত চলমান থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, জনস্বাস্থ্যের বিষয়ে কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না।

তিনি স্পষ্ট করে বলেন, "আমাদের এই কার্যক্রমের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আপাতত আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত এলাকাকে আমরা প্রাধান্য দিচ্ছি। এই সাত দিনের মধ্যে ওই এলাকার সব ক্লিনিক পরিদর্শন করে অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।"

পরিদর্শনের মূল লক্ষ্য ব্যাখ্যা করে স্বাস্থ্যমন্ত্রী জানান, কাউকে সাজা দেওয়া বা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সরকারের উদ্দেশ্য নয়; বরং জনগণের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। তবে সেবার মান নিয়ে গভীর অবহেলা দেখা গেলে দাপ্তরিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, শুধু ঢাকা নয়, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) মাধ্যমে দেশব্যাপী এই পরিদর্শন কার্যক্রম চালানো হবে।

কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ত্রুটি থাকলে প্রথমে সংশোধনের নোটিশ দেওয়া হবে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের জন্য সময় বেঁধে দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন বা শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হাসপাতাল বা ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, "জনগণের স্বাস্থ্যসেবাকে ক্ষতিগ্রস্ত করে কারও ব্যক্তিগত সুবিধার জন্য ক্লিনিক খোলা রাখা অসম্ভব। আমাদের কেউ কিনতে পারবে না। প্রধানমন্ত্রী এসব ব্যাপারে আমাদের 'জিরো টলারেন্স' বা শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করতে বলেছেন এবং আমরা তা-ই করব।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...