বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন জেলা প্রশাসক। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে জেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা কর্তৃপক্ষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথকভাবে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করা হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শহীদদের প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশে স্মৃতিসৌধ প্রাঙ্গণ এক আবেগঘন পরিবেশে রূপ নেয়। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ জানান, শহীদদের এই মহান আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে কুচকাওয়াজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এসব অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
ইতিহাসের গৌরব আর আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরাবাসী অত্যন্ত মর্যাদার সঙ্গে এবারের স্বাধীনতা দিবস উদযাপন করেছেন। অনুষ্ঠানগুলোতে বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...