Logo Logo

সুন্দরবনে প্রবেশে ফিঙ্গারপ্রিন্ট চালু করার ঘোষণা প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের


Splash Image

সুন্দরবনের সম্পদ রক্ষা এবং অপরাধ দমনে বনজীবীদের জন্য ফিঙ্গারপ্রিন্টসহ একটি পূর্ণাঙ্গ অনলাইন ডাটাবেজ তৈরির ঘোষণা দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।


বিজ্ঞাপন


বুধবার (১ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মধু আহরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, সুন্দরবনে প্রবেশকারীদের পরিচয় নিশ্চিত করতে এবং একই অপরাধী যাতে ভিন্ন পরিচয়ে বারবার বনজ সম্পদের ক্ষতি করতে না পারে, সেজন্য এই ডিজিটাল ডাটাবেজ কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, “মন্ত্রণালয় ইতিমধ্যে এই লক্ষ্যে কাজ শুরু করেছে। আগামী বছর থেকে ৫০০-এর বেশি মানুষ সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না। এছাড়া চলতি বছর যারা বনের আইন লঙ্ঘন বা অপরাধ করবেন, আগামীতে তাদের সুন্দরবনে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।”

অনুষ্ঠানে বনদস্যু দমনে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে শেখ ফরিদুল ইসলাম বলেন, “জলদস্যু বা বনদস্যুরা আমাদের সমাজেরই অংশ। আপনারা যদি সাহসী ভূমিকা নিয়ে তাদের শনাক্ত করেন এবং প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেন, তবেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। নিজের আত্মীয়স্বজন অপরাধে জড়ালে চুপ থেকে শুধু প্রশাসনের ওপর দোষ চাপালে সমস্যার সমাধান হবে না।”

মধু আহরণকারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, “সুন্দরবনের মধু আমাদের এক অমূল্য সম্পদ। আপনারা যদি মধুতে ভেজাল না মেশান, তবে এটি আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। এতে আপনাদের জীবিকার মানোন্নয়ন হবে এবং দেশও অর্থনৈতিকভাবে লাভবান হবে। মনে রাখবেন, অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে সন্তানকে সুশিক্ষিত করা সম্ভব নয়; তাই সততার সাথে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

সাতক্ষীরা রেঞ্জ আয়োজিত এই মধু আহরণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য কাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক আফরোজা আখতার এবং জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। এছাড়াও বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান, বন সংরক্ষক ইমরান আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...