Logo Logo

৪র্থ শ্রেণী থেকে ক্রীড়া শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী


Splash Image

আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়া শিক্ষাকে বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একটি ক্রীড়াবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে মাদকমুক্ত সমাজ ও সুস্থ জাতি গঠনই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।


বিজ্ঞাপন


বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে বিশেষ ‘ক্রীড়া বৃত্তি’ প্রদান করা হবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে সাতটি ইভেন্ট নিয়ে দেশের ৬৪টি জেলায় একই দিনে এই স্পোর্টস কর্মসূচি শুরু হতে যাচ্ছে।”

সিলেট জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “স্টেডিয়ামের বর্তমান ব্যবস্থাপনা অত্যন্ত দুঃখজনক। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সংস্কার কাজ শুরু করার নির্দেশনা দিয়েছি।”

তিনি আরও জানান, সরকার ফুটবল, ক্রিকেট, কাবাডি, বাস্কেটবল, আর্চারি ও শ্যুটিং সহ সকল খেলাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চায়।

ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে সকল জাতীয় ক্রীড়াবিদকে নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনেছেন এবং তাদের জন্য ‘ক্রীড়া কার্ড’ ও ভাতার ব্যবস্থা করেছেন। গত এক বছরে যারা দেশের হয়ে পদক জয় করেছেন, তাদের পুরস্কৃত করা হয়েছে। ইতিমধ্যে ১২৯ জনকে এই সুবিধার আওতায় আনা হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে আরও ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হবে।

এর আগে দুপুরে প্রতিমন্ত্রী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন এবং সেখানে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন। এ সময় ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...