বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৩ বিজিবি জানায়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। ২টি সেক্টরের অধীনে ৭টি ইউনিট ও ১১৬টি বিওপি’র মাধ্যমে এই সুরক্ষা কার্যক্রম দিন-রাত অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে বিশেষ নজরদারি শুরু করেছে বিজিবি। বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দর এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৫টি বিশেষ তল্লাশি চালানো হয়েছে। এছাড়া সীমান্তবর্তী ২২টি তেল পাম্পে নিয়মিত মনিটরিং ও চেকিং চলছে। তেল পাচারের সম্ভাব্য রুট চিহ্নিত করে এ পর্যন্ত ২ হাজার ৩৯৭টি টহল ও ৯৫১টি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে ৯২৩টি সভা।
তেল পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও শুল্ক বিভাগের সমন্বয়ে ৩১টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে অবৈধ তেল জব্দের পাশাপাশি একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
ঈদুল আজহা উপলক্ষে গরু পাচার রোধে সতর্কতা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচার ঠেকাতে বিজিবি বিশেষ সতর্কতা গ্রহণ করেছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও সন্দেহজনক চলাচলের ওপর কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবির তথ্যমতে, ২০২৬ সালের চলতি সময়ে যশোর রিজিয়ন ৯১ জন আসামিসহ প্রায় ৬০ কোটি ৪০ লাখ টাকার চোরাচালান পণ্য (স্বর্ণ, হিরক, অস্ত্র ও গুলি) জব্দ করেছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে প্রায় ২২ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর আগে ২০২৫ সালেও শতকোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করতে সক্ষম হয়েছিল বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত। অবৈধ মজুদ ও চোরাচালান প্রতিরোধে তিনি স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...