Logo Logo

বর্জ্য দূষণের বিরুদ্ধে পাথরঘাটায় ব্যতিক্রমী নীরব কর্মসূচি


Splash Image

“পাথরঘাটা আমাদের—রক্ষার দায়িত্বও আমাদের”, “দূষণের বিরুদ্ধে নীরব প্রতিবাদ”, “পলিথিন ব্যাগ বদলান, ভবিষ্যৎ বদলান”, “পলিথিন ব্যাগ ছাড়ুন, সুস্থভাবে বাঁচুন”—এমন নানা স্লোগানে বরগুনার পাথরঘাটায় বর্জ্য দূষণ রোধে এক ব্যতিক্রমী নীরব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ব্যস্ততম এলাকা পূর্ব মাথার কাঁচাবাজার সংলগ্ন ময়লার ভাগাড়ের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং ‘নজরুল স্মৃতি সংসদ’-এর বাস্তবায়নে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার, সমাজকর্মী এরফান আহমেদ সোয়েন, মেহেদি হাসান, গণমাধ্যমকর্মী জিয়াউর রহমান ফাহিম, শফিকুল ইসলাম খোকন, অ্যাক্টিভিস্টা বরগুনার সদস্যবৃন্দ, এফআরটি প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান, অ্যাকশনএইড বাংলাদেশ-এর ইন্সপিরেটর মো. রোকনুজ্জামান, ইয়ুথ ফেলো ও প্রকল্প কর্মকর্তাসহ স্থানীয় পৌরবাসী।

বক্তব্যে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার বলেন, জনগুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে একটি ডাম্পিং স্টেশনের জন্য জমি অধিগ্রহণের কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুরু করা হবে। পাশাপাশি শহরের বর্জ্য প্রতিদিন অপসারণ ও মনিটরিং কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবেশকর্মী ও উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, পরিবেশ দূষণ রোধে সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

সমাজকর্মী এরফান আহমেদ সোয়েন, জিয়াউর রহমান ফাহিম ও মেহেদী শিকদার বলেন, পাথরঘাটা পৌরসভায় ক্রমবর্ধমান বর্জ্য দূষণ জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন না করা হলে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি আরও বাড়বে।

কর্মসূচি শেষে ‘নো পলিথিন ডে’ উপলক্ষে বিভিন্ন মুদি দোকান, ফার্মেসি, হোটেল ও ফলের দোকানে পরিবেশবান্ধব কাগজের ব্যাগ ও নেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...