Logo Logo

মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী


Splash Image

সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই জনকল্যাণমূলক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকারের বয়সকে আড়াই মাসের একটি শিশুর সঙ্গে তুলনা করে তিনি বলেন, আড়াই মাস বয়সে একটি শিশু হাঁটতে পারে না, তাকে হাঁটতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হয়। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই বর্তমান সরকার দেশের মানুষের সামনে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে।


বিজ্ঞাপন


আজ শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন আয়োজিত চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্ড প্রবর্তনের কথা উল্লেখ করে বলেন, “আমরা সারাদেশে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষক ভাইদের কৃষি উপকরণ ও সহযোগিতা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়েছিলাম, যা ইতিমধ্যে বাস্তবায়নাধীন রয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো ভবিষ্যৎ প্রজন্মের প্রতিভা বিকাশ এবং তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।”

সারাদেশ থেকে দক্ষ ও প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছোট ছোট ছেলেমেয়েদের মধ্য থেকে মেধা অন্বেষণের জন্য ‘নতুন কুঁড়ি’ নামক যে অনুষ্ঠানটি চালু করেছিলেন, সেটি আমাদের অনেকেরই স্মরণে আছে। আমরা সেই ভাবনারই একটি বর্ধিত রূপ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করেছি। আজ সিলেটের পুণ্যভূমি থেকেই আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া মেধা অন্বেষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।”

তিনি আরও জানান, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিতে ইতিমধ্যে সারাদেশে প্রায় ১ লক্ষ ৩০ হাজার শিশু-কিশোর নাম নিবন্ধন করেছে। প্রাথমিক পর্যায়ে ৭ থেকে ৮টি জনপ্রিয় খেলাকে এই প্রতিযোগিতার জন্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমেই এমন কিছু আন্তর্জাতিক মানের খেলোয়াড় বেরিয়ে আসবে যারা ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য স্বর্ণপদক ছিনিয়ে আনবে এবং দেশের সুনাম বৃদ্ধি করবে। ক্রিকেট ও নারী ফুটবল দল যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে, নতুন প্রজন্মের খেলোয়াড়রাও তেমনিভাবে দেশের গৌরব উজ্জ্বল করবে বলে তিনি বিশ্বাস করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...