Logo Logo

সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত


Splash Image

‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এবং ‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’—এমন সব প্রতিবাদী স্লোগানের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬।


বিজ্ঞাপন


রোববার (৩ মে) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে সাংবাদিকরা মুখ ও চোখে কালো কাপড় বেঁধে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে প্রতিবাদ জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারী সাংবাদিকরা সংহতি প্রকাশ ও প্রতিবাদ স্বরূপ মুখে এবং চোখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জানান। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং বর্তমানে কারাবন্দি সাংবাদিকদের দ্রুত মুক্তির দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক তকমা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা। যখনই কোনো সংবাদকর্মী সত্য প্রকাশ করেন, তখনই তার ওপর হামলা ও মামলার খড়্গ নেমে আসে। এমনকি গণমাধ্যম কার্যালয়ে ‘মব সন্ত্রাস’ চালিয়ে ভীতি তৈরি করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত। বক্তারা অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণমাধ্যমের ওপর সব ধরনের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।

কর্মসূচিতে প্রদর্শিত বিভিন্ন ব্যানারে ‘গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র সুসংহত করে’, ‘গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাসের বিচার কর’ এবং ‘স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর কর’—এরকম অসংখ্য দাবি সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, লেখক শেখ সিদ্দিকুর রহমান, লেখক মনিরুজ্জামান মুন্না, স্বপ্ন সিঁড়ির সভাপতি নাজমুল হক, নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জী, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, স্টার নিউজের গাজী ফরহাদ, এনটিভির এসএম জিন্নাহ, গ্লোবাল টিভির রাহাত রাজা এবং গ্রীন টিভির মীর খায়রুল আলম প্রমুখ। বক্তারা ঐক্যবদ্ধভাবে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...