বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) সকাল ১১টায় জেলা পুলিশ কার্যালয়ে “শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি” এই মূলমন্ত্রকে সামনে রেখে সভার আয়োজন করা হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতার গুরুত্বও তুলে ধরা হয়।
সভায় নবাগত পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন খাঁন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সমাজ থেকে অপরাধ দূর করতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় থাকা অত্যন্ত জরুরি।”
তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, “পুলিশের দরজা সাধারণ মানুষের জন্য সবসময় খোলা থাকবে। আমরা নীলফামারীকে একটি নিরাপদ ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে চাই। প্রায় ২১ লাখ মানুষের শান্তির মঞ্জিল হিসেবে নীলফামারীকে প্রতিষ্ঠা করতে কাজ করবো।”
পুলিশ সুপার আরও বলেন, “কেউ দলীয় পরিচয়ে অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশ প্রস্তুত। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”
মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সাংবাদিকদের চোখে আমরা পৃথিবী দেখি। তাই পুলিশ-পাবলিক-প্রেস—এই তিনটির সমন্বয় অতীব জরুরি।”
সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক চোরাচালান প্রতিরোধ এবং সাইবার অপরাধ দমনে পুলিশের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এসময় সভায় জেলার ট্রাফিক ব্যবস্থাপনা ও নাগরিক জীবনে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের তৎপরতা বাড়ানো, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে একটি আধুনিক ও প্রগতিশীল জেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শীর্ষস্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবিএম ফয়জুল ইসলামও উপস্থিত ছিলেন।
সভা শেষে নবাগত পুলিশ সুপার জেলার সকল গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে জেলার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...