Logo Logo

টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত

থানায় সারিবদ্ধ মরদেহ, ১৩ জনের বাড়িই নওগাঁয়


Splash Image

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।


বিজ্ঞাপন


সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেলে ট্রাকে থাকা যাত্রীরা রড ও চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে যমুনা সেতুর পূর্ব থানায় রাখা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ।

কালিহাতী ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, ট্রাকটিতে রড বহনের পাশাপাশি যাত্রীও পরিবহন করা হচ্ছিল। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন।

সরেজমিনে দেখা গেছে, থানা চত্বরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে নিহতদের মরদেহ। স্বজনদের আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন গ্রামে। তারা সবাই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার বলেন, বিভিন্ন স্থান থেকে ট্রাকটিতে যাত্রী তোলা হয়েছিল। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, নিহতদের বাড়ি মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, পণ্যবাহী যানবাহনে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহনের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...