বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তেতুলিয়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫)। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিজেদের মৎস্য খামারের জন্য মাছ সংগ্রহ করতে ভোররাতে মোটরসাইকেলযোগে চুকনগরের উদ্দেশ্যে রওনা হন নাসিম ও মেহেদী। পথিমধ্যে তারা তেতুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি পিকআপের নিচে পিষ্ট ও আটকে গেলে ঘটনাস্থলেই চালক নাসিম আলী ফকিরের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসানকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই তারও মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং এই মর্মান্তিক ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...