Logo Logo

ফরিদপুরে পৃথক অভিযানে ১৯.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Splash Image

ফরিদপুরের কোতয়ালী ও মধুখালী থানার পৃথক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের ১৯ দশমিক ৫ কেজি গাঁজাসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।


বিজ্ঞাপন


বুধবার (১০ জুন) র‌্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ জুন রাত ৭টা ৫০ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতয়ালী থানার বদরপুর এলাকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি যাত্রীবাহী বাস থেকে ১০ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

এ ঘটনায় খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা মোস্তফা কামাল (২৭) ও রাশেদুল ইসলাম (২৬) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

এদিকে বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে মধুখালী থানার বেল্লাকান্দি এলাকায় আরেকটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় র‌্যাব। এ সময় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। একই সঙ্গে মনির হোসেন ওরফে রুবেল (২৬) এবং আমির হোসেন (২৪) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়িও খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকায়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, “মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...