বিজ্ঞাপন
গতকাল শনিবার (১৩ জুন) সকাল ১০টায় তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলা থেকে আনুষ্ঠানিকভাবে এ রোড মার্চের সূচনা করা হয়। কর্মসূচিতে হানিফ বাংলাদেশির সঙ্গে দলের সদস্য সাকিব আল হাসান, মাইদুল ইসলাম মুকুল ও রিফাত হোসেনসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন।
রোড মার্চে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডের একপাশে লেখা ছিল, ‘জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল কর’ এবং অন্যপাশে লেখা ছিল, ‘দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াও’।
আয়োজক সূত্রে জানা যায়, দেশের স্বার্থ ক্ষুণ্ন করে এমন কোনো আন্তর্জাতিক চুক্তির বিরোধিতা এবং জাতীয় স্বার্থ রক্ষার দাবিকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রোড মার্চটি দেশের বিভিন্ন জেলা অতিক্রম করে আগামী ১৮ জুন কক্সবাজারের টেকনাফে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
রোড মার্চের উদ্বোধনী বক্তব্যে হানিফ বাংলাদেশি অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূস জনগণের স্বার্থ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘গোলামী চুক্তি’ সম্পাদন করেছেন। তিনি দাবি করেন, রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ এবং জাতীয় সংসদে উপস্থাপন করা উচিত। পাশাপাশি, জনস্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি।
বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, ড. ইউনূসের দুর্নীতির কারণে সময়মতো হামের টিকা সংগ্রহ ব্যাহত হয়েছে, যার ফলে দেশে ছয়টি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং ড. ইউনূসকে গ্রেফতারের দাবিও জানান তিনি।
উল্লেখ্য, হানিফ বাংলাদেশি এর আগেও দুর্নীতি, অর্থপাচার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সীমান্ত হত্যা বন্ধের দাবিতে দেশব্যাপী একাধিক পদযাত্রা ও রোড মার্চ কর্মসূচি পালন করে আলোচনায় আসেন। তিনি ৬৪ জেলা সফর করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি প্রদান, সীমান্ত হত্যা বন্ধের দাবিতে প্রতীকী লাশ কাঁধে পদযাত্রা, ‘মানবতার জন্য মার্চ’ এবং ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে গণভোটের বাক্স নিয়ে দেশব্যাপী প্রচারণা চালিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...