বিজ্ঞাপন
‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র উদ্যোগে আজ বুধবার (১৭ জুন) শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই সচেতনতামূলক পোস্টার, স্টিকার ও লিফলেট টানানো কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত প্রায় অর্ধদিবসব্যাপী এই কর্মসূচি চলে। ক্যাম্পেইন চলাকালীন পার্ক ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ রক্ষা, গুজব প্রতিরোধ, নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক দায়িত্ববোধ, শহীদ মিনারের মর্যাদা রক্ষা এবং নাগরিক সচেতনতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তাসমৃদ্ধ আকর্ষণীয় পোস্টার প্রদর্শন ও স্থাপন করা হয়। একই সাথে পার্কে আসা সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
"ঐক্য, ঐতিহ্য ও আতিথিয়েতায় সাতক্ষীরা কমিউনিটি" —এই মূল নীতিবাক্য এবং "পরিবর্তনের পথে, মানুষের পাশে" স্লোগানকে বুকে ধারণ করে তরুণদের এই সামাজিক সংগঠনটি দীর্ঘদিন ধরে তাদের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের প্রতিষ্ঠাতা, সংগঠনের অ্যাডমিন ও ডিজাইনার সালাউদ্দীন সাবাদ (এসসি) এবং সাতক্ষীরা জেলার প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানী (এসসি)। এছাড়াও সাতক্ষীরার সচেতন, উদ্যমী ও সমাজকল্যাণমূলক কাজে আগ্রহী তরুণ-তরুণী এবং সাতক্ষীরা কমিউনিটির একঝাঁক স্বেচ্ছাসেবী এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানী কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে বলেন, আজ সাতক্ষীরার ঐতিহাসিক শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আমরা একটি বিশেষ সচেতনতামূলক লিফলেট ও স্টিকার ক্যাম্পেইন পরিচালনা করেছি। পার্কের পরিবেশ রক্ষায় প্রতিটি কোণায়, দেওয়ালে এবং এমনকি প্রতিটি গাছের গায়েও আমরা সচেতনতা বিষয়ক বার্তা সংবলিত লিফলেট ও স্টিকার লাগিয়েছি, যাতে এখানে আসা সাধারণ মানুষ তা দেখে সচেতন হতে পারেন।
তিনি উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, এই পার্কের ভেতরে ১২-১৩ বছরের কোমলমতি কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা বিভিন্ন ধরণের নীতিবহির্ভূত ও আপত্তিকর কাজে লিপ্ত হচ্ছে। প্রকাশ্যেই চলছে গাঁজা, মদসহ বিভিন্ন নিষিদ্ধ মাদকদ্রব্যের সেবন। পাশাপাশি পার্কে আসা সাধারণ নারীদের প্রতিনিয়ত ইভটিজিং ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হচ্ছে, যা আমাদের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এছাড়া, জুতা পায়ে শহীদ মিনারে উঠে ভাষা শহীদদের চরম অসম্মান করা হচ্ছে। এই সব সামাজিক অপরাধ, অবমাননা ও কিশোর অপরাধ রুখতেই আজ আমাদের এই সচেতনতামূলক আয়োজন।
সংগঠনের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ জানিয়ে বলা হয়, এই পার্কের ভেতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যেন দ্রুত সিসি (সিসিটিভি) ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হয়। একই সাথে, যারা এখানে এসে অপরাধমূলক কর্মকাণ্ড ও ইভটিজিং করছে, তাদের বিরুদ্ধে যেন কঠোর ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা প্রশাসনের কঠোর নজরদারি ও সাধারণ মানুষের সচেতনতাই পারে আমাদের প্রিয় এই শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এবং সামগ্রিকভাবে সাতক্ষীরা জেলাকে একটি নিরাপদ ও সুন্দর আদর্শ স্থান হিসেবে গড়ে তুলতে। সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ ধারাবাহিকভাবে এই কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই সামাজিক ও মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দা সাইমুন সাকিব এবং পার্কের সাধারণ দর্শনার্থীরা তরুণদের এমন ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, সাতক্ষীরা জেলাকে একটি আদর্শ ও সচেতন জেলা হিসেবে রূপান্তর করতে আগামী দিনেও এমন নানামুখী ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে তরুণদের সাধারণ মানুষের পাশে থাকা উচিত।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...