Logo Logo

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ অনুষ্ঠিত


Splash Image

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশাজীবীদের অংশ্রহণে “মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়ন” শীর্ষক এক মতবিনিময় সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৮ জুন) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানবাধিকার সংস্থা ‘আইন ও সালিশ কেন্দ্র (আসক)’ এবং স্থানীয় উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। কর্মশালায় মূল প্রতিপাদ্য বিষয়ের ওপর বিশদ আলোচনা ও বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সমন্বয়ক মো. রোকনুজ্জামান এবং দেশ টিভির সিনিয়র সাংবাদিক কায়সার সুমন। গুরুত্বপূর্ণ এই সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত।

সংলাপে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে মানবাধিকার কর্মী এবং সাংবাদিকরা প্রতিনিয়ত নানামুখী ঝুঁকি ও চরম প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা প্রান্তিক মানুষের অধিকার ও মানবাধিকার রক্ষায় মাঠপর্যায়ে কাজ করেন, তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। তাই তাদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনভাবে কাজের পরিবেশ ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট ‘মানবাধিকার কর্মী সুরক্ষা আইন’ প্রণয়ন করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। বক্তারা রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনদের যৌথ উদ্যোগে এই আইনের খসড়া দ্রুত চূড়ান্ত করার জোর আহ্বান জানান।

দিনব্যাপী এই কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জেলা প্রবেশন অফিসার (অঃদঃ) মশিদুল হক, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল এবং উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) রিদিশা রঙান। এছাড়া আরও বক্তব্য রাখেন সদর হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন এবং দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন প্রমুখ।

আমন্ত্রিত অতিথিদের আনুষ্ঠানিক বক্তব্য শেষে একটি উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও মানবাধিকার কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মাঠপর্যায়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা, নানামুখী চ্যালেঞ্জ ও আইনি সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরে নিজ নিজ মূল্যবান মতামত ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...