Logo Logo

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত


Splash Image

তরুণ প্রজন্মকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন ও নিরাপদ ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার তালা শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম’-এর উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। এছাড়া আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, ফিল্ড সার্ভিস লিডার মোঃ আব্দুর রহমান, সদস্য মোঃ মেহেদী হাসান সুমন, উইমেন্স উইং সাপোর্ট সদস্য সাবিনা পারভীন এবং আমরা বন্ধু ফাউন্ডেশনের সদস্য সুরভী সাদিয়া লিমাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সেমিনারে বক্তারা বর্তমান সময়ে দ্রুত বৃদ্ধি পাওয়া বিভিন্ন সাইবার অপরাধ যেমন— সাইবার বুলিং, অনলাইন প্রতারণা, ফেক আইডি, হ্যাকিং, ব্ল্যাকমেইল, অনলাইন জুয়া এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা ও করণীয় বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাইবার অপরাধের আইনি দিক, শাস্তি এবং অপরাধের শিকার হলে দ্রুত কীভাবে আইনি সহায়তা পাওয়া যাবে সে সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

বক্তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি অসচেতনতা ও অসতর্কতার কারণে অনেকেই সাইবার অপরাধের শিকার হচ্ছেন। তাই সচেতনতা, সতর্কতা এবং সময়মতো আইনগত পদক্ষেপই পারে সাইবার অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে সাইবার দুনিয়ায় নিরাপদ রাখতে সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম ভবিষ্যতেও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

"সচেতন হোন, নিরাপদ থাকুন — সাইবার অপরাধ রোধে সবাই এগিয়ে আসুন"— এই আহ্বানের মধ্য দিয়ে সেমিনারটি সমাপ্ত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...