Logo Logo

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে বিশাল অজগর উদ্ধার


Splash Image

সুন্দরবন উপকূলীয় এলাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে বড় আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।


বিজ্ঞাপন


সোমবার (২৯ জুন) সকালে উপজেলার নীলডুমুর ঘাট এলাকায় স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে গিয়ে হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন দোকানের ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান। পরে তিনি বিষয়টি বন বিভাগকে অবহিত করলে বনকর্মী ও কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি)-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।

দোকান মালিক হারুন জানান, জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ তিনি আগে কখনো দেখেননি। কীভাবে সাপটি দোকানের ভেতরে প্রবেশ করেছে, তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেন।

এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার ইরফান উদ্দিন বলেন, উদ্ধার করা অজগরটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে সাপটিকে কলাগাছিয়া ফাঁড়িতে রাখা হয়। পরে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সেটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগের ধারণা, যেখান থেকে সাপটি উদ্ধার করা হয়েছে তার পাশ দিয়ে প্রবাহিত খোলপেটুয়া নদীতে জোয়ারের পানির সঙ্গে ভেসে সুন্দরবন থেকে অজগরটি লোকালয়ে চলে এসে নদীসংলগ্ন ওই দোকানে আশ্রয় নিয়েছিল।

বন বিভাগ স্থানীয়দের বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছে, যাতে প্রাণীগুলোকে নিরাপদে উদ্ধার করে তাদের স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...