Logo Logo

অবৈধ বাঁধ অপসারণ ও খাল পরিষ্কারের নির্দেশ

গোপালগঞ্জে জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি বাবর


Splash Image

ছবি: ভিডিও থেকে নেয়া।

গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এ সময় তিনি পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করা অবৈধ বাঁধ অপসারণ এবং খাল পরিষ্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


বিজ্ঞাপন


শনিবার (১১ জুলাই) সকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সংসদ সদস্য। পায়ে হেঁটে পরিদর্শনের সময় তিনি এলাকার পাশ দিয়ে প্রবাহিত খাল পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে অবৈধ বাঁধ ও জমে থাকা আবর্জনার কারণে পানি চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি প্রত্যক্ষ করেন।

এ সময় তিনি পৌরসভার সচিবকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে এক দিনের মধ্যে অবৈধ বাঁধ অপসারণ ও খাল পরিষ্কারের উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব দেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তারা জানান, কোথাও ড্রেন থাকলেও রাস্তা নেই, আবার কোথাও রাস্তা থাকলেও ড্রেনেজ ব্যবস্থা নেই। এছাড়া অনেক সড়ক এখনো কাঁচা অথবা ইটের তৈরি থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয়দের অভিযোগ শুনে ডা. কে এম বাবর বলেন, পৌর এলাকার সড়ক, ড্রেনেজ ও সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়নে বিশ্বব্যাংকের বিশেষ তহবিলের আওতায় শিগগিরই উন্নয়নকাজ শুরু করা হবে। পরিকল্পিতভাবে এসব কাজ বাস্তবায়নের মাধ্যমে নাগরিক দুর্ভোগ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের আমলে পৌর এলাকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকার বরাদ্দ এলেও তা যথাযথভাবে ব্যয় করা হয়নি। বরাদ্দের অর্থ আত্মসাতের কারণে নাগরিকরা আজও মৌলিক অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

পরিদর্শন শেষে সংসদ সদস্য স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, জলাবদ্ধতা নিরসন, খাল সংস্কার, সড়ক উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে পৌরবাসী স্থায়ীভাবে ভোগান্তি থেকে মুক্তি পান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...