Logo Logo

নীলফামারীতে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২


Splash Image

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ মাসের এক শিশু ও এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার (১৭ জুলােই) দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। নিহত রিয়াদ চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমায়িয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বরযাত্রী হিসেবে বরসহ প্রায় ১৫ জন অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে কনেকে নিয়ে একটি মাইক্রোবাসে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গাড়িটি শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা বর-কনেসহ ১৪ জন আরোহী আহত হন।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, রাতে সড়ক দুর্ঘটনায় আহত ১৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...