Logo Logo

বিশ্বকাপ ফাইনাল ঘিরে নীলফামারীতেও বইছে বাঁধভাঙা উন্মাদনা


Splash Image

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে দেশের অন্যান্য জেলার মতো নীলফামারীতেও বিরাজ করছে তুমুল উৎসবমুখর পরিবেশ। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত এই মেগা ফাইনাল উপভোগ করতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্লাব, চায়ের দোকান, খোলা মাঠ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় খেলা দেখার জন্য নেওয়া হয়েছে ব্যাপক আয়োজন।


বিজ্ঞাপন


বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নিজ নিজ এলাকার ক্লাব, মাঠ এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বড় পর্দা স্থাপন করে দর্শকদের জন্য খেলা উপভোগের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ।

আর্জেন্টিনা ও স্পেন—দুই দলের সমর্থকদের মধ্যে এখন চলছে প্রাণবন্ত আলোচনা। চায়ের দোকান, পাড়ার মোড় এবং আড্ডাস্থলগুলোতে ফুটবল বিশ্লেষণ, সম্ভাব্য ফলাফল নিয়ে তর্ক-বিতর্ক এবং বন্ধুত্বপূর্ণ বাজির আমেজ লক্ষ্য করা যাচ্ছে। ফুটবলপ্রেমীদের অনেকেই প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়ে ফাইনাল দেখার প্রস্তুতি নিচ্ছেন।

জেলা শহরের বাসিন্দা ও আর্জেন্টিনার সমর্থক ৬০ বছর বয়সী তুমিজ উদ্দিন বলেন, “শিশুকাল থেকে আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার খেলা যত রাতেই হোক, আমি নিয়মিতভাবে উপভোগ করি।”

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাজিলের সমর্থক একাধিক ব্যক্তি জানান, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচে তারা স্পেনকে ঘিরেই বেশি আনন্দ ও উন্মাদনায় রয়েছেন।

সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে নীলফামারীতে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। বড় পর্দায় একসঙ্গে খেলা উপভোগের আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়িয়ে তুলেছে উচ্ছ্বাস, আর প্রিয় দলের জয় দেখার অপেক্ষায় এখন মুখিয়ে রয়েছেন জেলার হাজারো দর্শক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...