Logo Logo

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: নীলফামারীতে জেলা কৃষক দলের গাছ রোপণ শুরু


Splash Image

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্য নিয়ে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় ও জেলা কৃষক দলের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই চারা রোপণ কর্মসূচির সূচনা করা হয়। দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম সিদ্দিকুর রহমান। এছাড়া কর্মসূচিতে জেলা কৃষক দলের সদস্য সচিব ওলিউর রহমান হেলাল, নীলফামারী চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কৃষক দল নেতা ফারহানুল হক, কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোছাব্বের হোসেন সরকার ও প্রভাষক মাহাবুর রহমান সরকার অংশ নেন। অন্যান্যদের মধ্যে জেলা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রকসি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শেফাউল আলম লুলু চৌধুরী, পৌর কৃষক দলের সভাপতি আসাদ দৌলা ডলার এবং সাধারণ সম্পাদক শামসুল আলম মুকুলসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, দেশের পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। কেবল চারা রোপণেই সীমাবদ্ধ না থেকে প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সুরক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হবে বলে আয়োজক দলের পক্ষ থেকে জানানো হয়। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে জেলা কৃষক দলের সদস্য সচিব মো. ওলিউর রহমান হেলাল বলেন, পরিবেশের টেকসই ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দ্রুত শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে প্রাকৃতিক পরিবেশ প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখতে ও বাসযোগ্য আবহাওয়া বজায় রাখতে ব্যাপক সবুজায়ন প্রয়োজন। কৃষক দলের এই উদ্যোগ নীলফামারীর প্রতিটি উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...