Logo Logo

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : আপিল বিভাগ


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এমপি হিসেবে তার দায়িত্ব পালনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।


বিজ্ঞাপন


বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট আহসানুল করিম। অপরদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের ওপর আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

উল্লেখ্য, হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর তিনি চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখতে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা থাকছে না। তবে তার প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিলের মাধ্যমে বিষয়টির পরবর্তী বিচারিক কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...