Logo Logo

রামু থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ আটক ১


Splash Image

কক্সবাজারের রামুতে পুলিশের চেকপোস্ট ভেঙে পালিয়ে যাওয়ার সময় এক মিনি পিকআপ চালককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল পৌনে ১২টার দিকে রামু থানার সামনে পিকআপ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সোহেল (২৭)। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী কাটা এলাকার ফরিদ আলম ও রাশেদা বেগম দম্পতির ছেলে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়ন এলাকার নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। এসআই (নিরস্ত্র) নিক্সন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সেখানে যান যানবাহন তল্লাশি শুরু করে।

তল্লাশিকালে দ্রুতগামী একটি সন্দেহভাজন মিনি পিকআপকে থামার সংকেত দেয় পুলিশ। তবে সিগন্যাল অমান্য করে পিকআপটি দ্রুত গতিতে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পিকআপটির গতিবিধি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে ধাওয়া শুরু করে পুলিশ টিম। একপর্যায়ে রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজারীকুলস্থ রামু থানার সামনের পাকা রাস্তার ওপর গাড়িটির গতিপথ রোধ করে সেটিকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশিকালে মিনি পিকআপটির ড্রাইভিং সিট সংলগ্ন স্টিয়ারিংয়ের নিচে, ব্রেকের পাশের পাদানি থেকে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের পর মিনি পিকআপ এবং একটি বাটন মোবাইলসহ চালক সোহেলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তঘেঁষা এই অঞ্চলে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান ও তল্লাশি জোরদার থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...