Logo Logo

উপকূলীয় সহনশীলতা বৃদ্ধিতে পাথরঘাটায় অবহিতকরণ সভা


Splash Image

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই সহনশীলতা গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন ও প্রশমন কার্যক্রমকে আরও কার্যকর করতে উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিতভাবে সরকারের পাশে থেকে কাজ করার আহ্বান জানানো হয়।


বিজ্ঞাপন


সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রিডার্স আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও লিঙ্গ ক্ষমতায়নের মাধ্যমে সহনশীলতা গড়ে তোলা’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভায় এসব মতামত উঠে আসে।

সভায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মেহেদী শিকদার, প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস, প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা এবং প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুণ্ডু।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, নদীভাঙন এবং জীবিকাগত সংকট মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি। উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আলোচনায় দুর্যোগ প্রস্তুতি, পরিবেশবান্ধব জীবিকা, নিরাপদ পানি, স্যানিটেশন, সামাজিক সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও জনগণের সমন্বিত অংশীদারিত্বের মাধ্যমে একটি সহনশীল ও টেকসই উপকূল গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় অংশগ্রহণকারীরা উপকূলীয় জনগোষ্ঠীর ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানো এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধি, সুধীজন এবং উপকূলীয় এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...