Logo Logo

রিশাদের গোলে টাইব্রেকারে চ্যাম্পিয়ন ‘মর্নিং ওয়ারিয়ার্স’


Splash Image

নীলফামারীতে ‘সকালের সূর্য ফুটবল ক্লাব’ আয়োজিত সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘মর্নিং ওয়ারিয়ার্স’। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রিশাদ হোসেনের পা থেকে আসা একমাত্র জয়সূচক গোলে শিরোপা নিশ্চিত করে দলটি।


বিজ্ঞাপন


শনিবার (৮ আগস্ট) সকালে নীলফামারী মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৪০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ১০ মিনিটেও গোল না হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে ফয়সালা হয়।

টাইব্রেকারে মর্নিং ওয়ারিয়ার্সের চারজন খেলোয়াড়ের নেওয়া কিক গোলবারে জড়াতে পারেনি। তবে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রিশাদ হোসেনের নেওয়া কিক থেকে আসে কাঙ্ক্ষিত জয়সূচক গোল। অন্যদিকে রানার্সআপ মর্নিং স্টারসের কোনো খেলোয়াড়ই টাইব্রেকারে গোল করতে পারেননি। ফলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মর্নিং ওয়ারিয়ার্স।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি কৃষ্ণ চন্দ্র। তিনি জানান, নির্ধারিত ৪০ মিনিটে ম্যাচ অমীমাংসিত থাকায় অতিরিক্ত ১০ মিনিট খেলা হয়। সেখানেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ভূবন মোহন তরফদার বলেন, ‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’—এই স্লোগানকে সামনে রেখে গত ২৪ জুলাই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। এবারের আয়োজনে মোট চারটি দল অংশ নেয়।

রানার্সআপ দলের অধিনায়ক ফারুক হোসেন বলেন, প্রথমবারের মতো এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। নীলফামারী মাঠে ভোরে যারা নিয়মিত শারীরিক ব্যায়াম করতে আসেন, মূলত তাদের নিয়েই এই আয়োজন করা হয়েছে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, উত্তরা ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ম্যানেজার আরিফ করিম এবং নীলফামারী ফুটবল একাডেমির কোচ আব্দুল ওয়াহাবসহ সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...