বিজ্ঞাপন
রোববার (৯ আগস্ট) সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস), শ্যামনগর, সাতক্ষীরার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতেই আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া ও মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। আদিবাসী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. কাওসার আজিজ।
সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস)-এর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে এবং মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সামস-এর পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, দেশের আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সযত্নে লালন করে আসছে। তাদের অধিকার, সম্মান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও জীবিকার সুযোগ সম্প্রসারণে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী।
বক্তারা আরও বলেন, আধুনিকায়নের প্রভাবে অনেক আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সামাজিক সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্য আজ বিলুপ্তির মুখে পড়েছে। ফলে এসব ঐতিহ্য সংরক্ষণে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি নতুন প্রজন্মকে নিজ সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখার ওপর জোর দেন তারা। একই সাথে প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষভাগে আয়োজিত হয় এক মনোজ্ঞ আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐতিহ্যবাহী গান, নৃত্য ও বৈচিত্র্যময় পরিবেশনার মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, জীবনসংগ্রাম ও নিজস্ব সংস্কৃতিকে দর্শকদের সামনে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়, যা উপস্থিত সবার নজর কাড়ে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...