বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার মহাসড়কে নছিমনের ধাক্কায় শাহজাহান আলী (৩৪) নামে এক ব্যক্তি নিহত হন। একই দিন দুপুরে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় সেচ ক্যানেলে ডুবে পাখি (১২) ও সিনহা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়।
নিহত শাহজাহান আলী ডিমলা উপজেলার পাঙ্গা রামডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে। অপর দুই নিহতের মধ্যে পাখি নতুন বাজার এলাকার আজগার আলীর মেয়ে এবং সিনহা একই এলাকার আবুলের মেয়ে। সম্পর্কে তারা খালা-ভাগনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে জলঢাকা থেকে গরুবোঝাই একটি নছিমন ডোমারের দিকে যাচ্ছিল। পথে ডোমার মহাসড়ক এলাকায় নছিমনের ধাক্কায় শাহজাহান আলীসহ চারজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত শাহজাহান আলীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।
এদিকে, দুপুরে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় সেচ ক্যানেলের পাশে খেলছিল পাখি ও সিনহা। একপর্যায়ে সিনহা পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য পাখি পানিতে নামলে দুজনেই ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।
পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, নছিমনের ধাক্কায় একজন নিহত হওয়ার বিষয়টি জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...