ছবিটি এআই ব্যবহার করে সম্পাদিত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের ১৩ নম্বর ওয়ার্ডের চর সোনাকুড় চৌরাস্তা মসজিদসংলগ্ন এলাকার উজ্জ্বল মোল্লা (৪০) ও তাঁর সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় ডিবির একটি দল। এ সময় সন্দেহজনক একটি সাদা রঙের মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির প্রথম পর্যায়ে গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি চালিয়ে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে তাঁদের কাছ থেকে নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান জানান, অভিযানের শুরুতে মাইক্রোবাসে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা লাগেজে তল্লাশি চালিয়ে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টির বেশি মাদক মামলা রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...