বিজ্ঞাপন
আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা প্রাণসায়ের খালের দুই পাশে গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। জানা গেছে, সরকারের গৃহীত পরিকল্পনা অনুযায়ী সাতক্ষীরা পৌরসভা এলাকায় মোট ১৫ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৭ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, পৌর নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, বর্জ্য নিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ ও পরিবেশ রক্ষার দায়িত্ব পৌরসভার ওপর ন্যস্ত। সরকারি কর্মসূচির অংশ হিসেবেই শহরের বুক চিরে বয়ে যাওয়া প্রাণসায়ের খালের দুই পাশে চারা রোপণ করা হচ্ছে। এসব গাছের নিয়মিত যত্ন ও রক্ষণাবেক্ষণের জন্য পৌরসভার স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার নাফিউল ইসলাম, পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মহব্বত আলী, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম, কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা 'রূপান্তর'-এর প্রতিনিধি মো. সবুজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী জানান, কেবল চারা রোপণ নয়, প্রতিটি চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। এই সবুজের অভিযানকে সফল ও সার্থক করতে তিনি পৌর কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...