Logo Logo

সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি


Splash Image

গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের বিভিন্ন দাবি বাস্তবায়ন ও দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন (১৬৪৭)-এর সাতক্ষীরা গণপূর্ত বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা গণপূর্ত ভবন প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গণপূর্ত বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন আবু দাউদ আলম, শেখ মেহদী হাসান, মো. জুবায়দুর রহমান ও মোছা. ফাতেমা খাতুন।

বক্তারা জানান, গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসলেও তাঁদের চাকরি নিয়মিতকরণসহ একাধিক যৌক্তিক দাবি এখনও বাস্তবায়ন করা হয়নি। সুপ্রিম কোর্টের রিভিউয়ের রায়, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার মতামত কর্মচারীদের নিয়মিতকরণের পক্ষে থাকলেও ফাইলটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ শাখায় অপেক্ষমাণ অবস্থায় আটকে রয়েছে।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই নিয়মিতকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়ে বক্তারা বলেন, প্রক্রিয়াটি শেষ হলে কর্মচারীদের মধ্যে কর্মস্থলে স্থিতিশীলতা ও কাজের প্রতি আগ্রহ বাড়বে। তাই কালক্ষেপণ না করে প্রয়োজনীয় প্রশাসনিক ধাপ সম্পন্ন করে দ্রুত চাকরি নিয়মিত করার দাবি জানান তাঁরা।

এ ছাড়া ভাউচার, দৈনিকভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের অবিলম্বে কার্যভিত্তিক করার দাবিও তোলা হয়। একই সঙ্গে আউটসোর্সিং প্রথায় ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বিলুপ্ত করে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিয়োগ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, কর্মচারীদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরে আলোচনায় থাকলেও এখন পর্যন্ত এর কার্যকর সমাধান মেলেনি। অবস্থান কর্মসূচি থেকে অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন ১৬৪৭-এর সাতক্ষীরা বিভাগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...