Logo Logo

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামালগঞ্জের এক মানবিক তরুণের


Splash Image

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একজন মানবিক সমাজসেবী ছিলেন। স্বতঃস্ফূর্তভাবে মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা করাসহ নানা সামাজিক কাজে যুক্ত থাকা এই তরুণের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট সংলগ্ন সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত মো. উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। প্রায় তিন বছর ধরে বাহিনীতে কর্মরত উজ্জ্বল সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মোটরসাইকেলযোগে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন উজ্জ্বল। পথিমধ্যে সিচনী এলাকায় পৌঁছালে তিনি মারাত্মক দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে শান্তিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

উজ্জ্বল হোসেনের অকাল মৃত্যুতে তাঁর প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী উদ্যোগ ‘ব্লাড ব্যাংক জামালগঞ্জ’-এর সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীদের মাঝে চরম শোকের আবহের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে জরুরি রক্তের ব্যবস্থা ও রক্তদাতা খুঁজে দেওয়ায় স্থানীয় তরুণদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ও নির্ভরযোগ্য একজন মানুষ ছিলেন।

নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, পাঁচ ভাই ও চার বোনের মধ্যে উজ্জ্বল ছিলেন তৃতীয়। ছুটি কাটাতে বাড়িতে এসে আত্মীয়ের বাসায় যাওয়ার পথেই তাঁর জীবনপ্রদীপ নিভে গেল।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল্লাহ জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। স্বজনরা এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে লাশ হস্তান্তর করা হবে।

একাধারে আনসার সদস্য ও মানবিক স্বেচ্ছাসেবী হিসেবে পরিচিত ২৫ বছর বয়সী এই সম্ভাবনাময় তরুণের আকস্মিক প্রয়াণে পরিবার, সহকর্মী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...