Logo Logo

ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার


Splash Image

ঢাকায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে বড় অঙ্কের আর্থিক অনিশ্চয়তা। ম্যাচটি আয়োজনে বড় অঙ্কের খরচের জোগান দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সরকারের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিলেও সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে এমন কোনো আয়োজনে অর্থ ব্যয়ের মানসিকতা তাদের নেই।


বিজ্ঞাপন


আজ ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্ট জানান, দেশের বিদ্যুৎ ও জ্বালানিসহ গুরুত্বপূর্ণ খাতে সরকারের বিশাল ব্যয় বহন করতে হচ্ছে। ফলে বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় কেবল একটি ফুটবল ম্যাচ আয়োজনের পেছনে বড় অঙ্কের সরকারি তহবিল ব্যবহারের কোনো সুযোগ নেই।

তবে সফরটি একেবারেই বাতিল হয়ে যাচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে বাফুফের প্রাথমিক যোগাযোগ হয়েছে। বাফুফে যদি নিজ উদ্যোগে বাণিজ্যিক স্পনসর সংগ্রহ করে এই বিপুল ব্যয়ের সংস্থান করতে পারে, তবে সরকার অন্যান্য ক্ষেত্রে সব ধরনের লজিস্টিক ও সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, লাতিন আমেরিকার পরাশক্তিদের এশিয়ায় প্রীতি ম্যাচ খেলানোর পেছনে বিপুল অঙ্কের ‘ম্যাচ ফি’ এবং আনুষঙ্গিক নিরাপত্তা ও লজিস্টিক ব্যয়ের প্রয়োজন পড়ে। অতীতে এ অঞ্চলে বড় দলগুলোর সফরে বেসরকারি স্পনসরশিপ ও করপোরেট বিনিয়োগই মূল ভূমিকা পালন করেছিল। বর্তমান ডলার সংকট ও দেশের সার্বিক অর্থনৈতিক চাপ বিবেচনায় বাফুফে সরকারি বরাদ্দের দিকে তাকিয়ে থাকলেও সরকার এখন স্পষ্টভাবেই বল ঠেলে দিয়েছে ফেডারেশন ও সম্ভাব্য স্পনসরদের কোর্টে।

এদিকে ব্রাজিল দল এলে দেশের ফুটবলের ভবিষ্যৎ কতটুকু বদলে যাবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী যথেষ্ট বাস্তববাদী মন্তব্য করেন। তিনি বলেন, ব্রাজিল বাংলাদেশে এসে খেললে তা নিঃসন্দেহে একটি বড় ঘটনা এবং সাধারণ দর্শকদের আনন্দ দেবে। তবে কেবল একটি প্রীতি ম্যাচ খেলে গেলেই দেশের ফুটবলের কাঠামোগত কোনো ইতিবাচক পরিবর্তন বা স্থায়ী অগ্রগতি আসবে না। পুরো বিষয়টি এখনো একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...