Logo Logo

সাতক্ষীরার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত


Splash Image

সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জশনে জুলুস র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টায় রইচপুর গ্রামবাসীর উদ্যোগে সাতক্ষীরার রইচপুর আব্দুর রাজ্জাকের মোড় থেকে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালিটি বের হয়। র‍্যালিটি সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আব্দুর রাজ্জাকের মোড়ে এসে শেষ হয়।

র‍্যালিতে স্থানীয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। ছোট-বড় বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি আনন্দঘন ও উৎসবমুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীদের মাথায় বিশেষ ব্যাজ ও ক্যাপ এবং হাতে ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর বাণীসংবলিত বিভিন্ন ব্যানার দেখা যায়।

র‍্যালি শেষে রইচপুর রাজ্জাকের মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জশনে জুলুস হলো আনন্দের সঙ্গে প্রিয় রাসূল হযরত মুহাম্মদ (সাঃ)-এর শানে মিছিল বা শোভাযাত্রা করা। পৃথিবীর সবচেয়ে প্রিয় নাম হযরত মুহাম্মদ (সাঃ)। তাঁর আগমনের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর দিশা পেয়েছে।

বক্তারা আরও বলেন, জশনে জুলুসের মাধ্যমে মহানবী (সাঃ)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করা হয়। তিনি মানবজাতিকে শান্তি, দয়া, ক্ষমা ও মানবতার শিক্ষা দিয়েছেন। তবে শুধু র‍্যালিতে অংশগ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয় না। সত্য কথা বলা, মানুষের কল্যাণে কাজ করা এবং সৎ পথে চলার মাধ্যমে মহানবী (সাঃ)-এর সুমহান আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশেকে রসূল মাহবুব আলম, আলিপুর বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মো. আজগার আলী, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সুমহান আদর্শ অনুসরণ, সবার সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদ (রইচপুর পশ্চিম পাড়া)-এর ইমাম ও খতিব হাফেজ মো. আব্দুল্লাহ। তাঁর মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...