বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা চলে বেলা ১টা পর্যন্ত। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল, রানারআপ দল ও শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর ডিবি গার্লস স্কুল, আলিপুর মাধ্যমিক বিদ্যালয়, তুজলপুর মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশের জেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু।
বিচারকের দায়িত্ব পালন করেন খানবাহাদুর আহসানউল্লাহ কলেজের সাবেক অধ্যাপক পবিত্র মেহন সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ওলিউর রহমান এবং কুমিরা মহিলা কলেজের অধ্যাপক মহিউদ্দীন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে বাসুদেব বসু বলেন, বিজ্ঞান বিতর্ক উৎসবের বিষয়গুলো চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান সম্পর্কে জানতে আরও উৎসাহিত করবে। এআই মানুষের প্রতিপক্ষ হয়ে উঠেছে কি না, সেটিও ভাবার বিষয়। প্রতিটি জিনিসেরই ভালো ও মন্দ—দুই দিক রয়েছে। কোনটি ভালো আর কোনটি খারাপ, তা ব্যবহারের ওপর নির্ভর করে। তিনি সমকালের এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
বিচারকরা বলেন, বিভিন্ন কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রম কমে গেছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা একই বিষয়ে পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপনের সক্ষমতা অর্জন করে। এতে তাদের চিন্তাশক্তি ও মেধার বিকাশ ঘটে।
তারা আরও বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভিন্নমতকে যুক্তির মাধ্যমে গ্রহণ ও বিশ্লেষণ করার সক্ষমতা তৈরি করে। এ ধরনের আয়োজনের জন্য তারা সমকালকে ধন্যবাদ জানান।
এ সময় আরও বক্তব্য দেন দেশটিভির স্টাফ রিপোর্টার শরিফুল্লাহ কায়সার সুমন, প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মোমিন, সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, আজকালের খবরের সাতক্ষীরা প্রতিনিধি এস এম তৌহিদুজ্জামান ও ভোরের আকাশের আমিনুর রহমান প্রমুখ।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সমকালের সাতক্ষীরা প্রতিনিধি কিশোর কুমার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...