Logo Logo

বিশ্ব নদী দিবসে বিষখালীর তীরে নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন


Splash Image

‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর তীরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সহযোগিতায় এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরিবেশকর্মী, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নদী শুধু পানির প্রবাহ নয়; নদীকে ঘিরেই উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশব্যবস্থা গড়ে উঠেছে। কিন্তু দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন, নাব্যতা সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের অনেক নদী অস্তিত্বের সংকটে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে নদীনির্ভর মানুষের জীবন ও জীবিকার ওপর।

মানববন্ধনে সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনিয়া বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়াচ্ছে। নদী ও পরিবেশ রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। একই সঙ্গে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জেলে এমাদুল মিয়া বলেন, নদী দিন দিন ভরাট ও দূষিত হচ্ছে। মাছ ধরতে গিয়ে জালে মাছের পরিবর্তে প্লাস্টিক-পলিথিনসহ বিভিন্ন বর্জ্য উঠে আসে। এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না।

উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, বলেশ্বর-বিষখালীসহ নদীগুলো উপকূলীয় এলাকার মানুষের জীবন ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। নদীর স্বাস্থ্য ভালো থাকলে মৎস্যসম্পদ, কৃষি ও জীববৈচিত্র্যও সুরক্ষিত থাকবে। তাই নদী রক্ষাকে শুধু পরিবেশগত বিষয় হিসেবে নয়, জনজীবন ও অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেও বিবেচনা করতে হবে।

তিনি বলেন, নদী দখল ও দূষণ বন্ধ, নদীর প্রবাহ ও নাব্যতা রক্ষা, জলবায়ু সহনশীল উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা এখন সময়ের দাবি।

মানববন্ধন শেষে নদীর প্রয়োজনীয়তা ও গুরুত্ব এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় নদীর ভূমিকা তুলে ধরে নদী রক্ষায় সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ আলোচনায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...