Logo Logo

গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত


Splash Image

‘সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোবিপ্রবি ফার্মেসি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম উপস্থিত ছিলেন।

এরপর একাডেমিক ভবনের সেমিনার কক্ষে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। ফার্মেসি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. গোলাম মোর্শেদ মোল্লা, এসেনশিয়াল ড্রাগস গোপালগঞ্জ প্লান্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওহিদুল আলম এবং খোকন কুমার দত্ত।

সেমিনারে ফার্মাসিস্টদের ভূমিকা, স্বাস্থ্যসেবায় তাদের অবদান এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থায় ফার্মেসি পেশার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এতে ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন (FIP) প্রতিষ্ঠিত হয়। ওই দিনই সংগঠনটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়।

পরবর্তীতে ২০০৯ সালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফেডারেশনের কাউন্সিল মিটিংয়ে তুর্কিশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী এ দিনটি পালনের প্রস্তাব দেয়। প্রস্তাবটি সর্বসম্মতভাবে অনুমোদিত হওয়ার পর ২০১০ সাল থেকে বিশ্বজুড়ে ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...