বিজ্ঞাপন
শুক্রবার (২৭ নভেম্বর) শুরু হওয়া দুই দিনব্যাপী এ আয়োজন শনিবার (২৮ নভেম্বর) শেষ হয়। সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক, গবেষক এবং পেশাজীবী সাংবাদিকরা অংশ নেন।
‘পরিবর্তনের মুখে গণমাধ্যম শিক্ষা: বাংলাদেশের সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, অপতথ্য ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে মূলত প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার ভবিষ্যৎ, সংবাদমাধ্যমের দায়িত্বশীলতা এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ এ সম্মেলনের আয়োজন করে। এতে সহযোগিতা করে ডয়চে ভেলের প্রশিক্ষণ ও উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান ডিডব্লিউ একাডেমি।
সম্মেলনের উদ্বোধনী আয়োজনে আইইবির উপাচার্য অধ্যাপক এম তামিমসহ দেশি-বিদেশি শিক্ষাবিদ ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. ইমরান ফিরদৌস। বক্তব্য দেন সিজেইএন বাংলাদেশের সভাপতি ও ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড ডব্লিউ আর জেনিলো এবং ডিডব্লিউ একাডেমির এশিয়া ইউনিটের প্রধান সাবিনা ক্যাসাগ্রান্দে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম তামিম।
আয়োজকদের তথ্যমতে, এবারের সম্মেলনে গবেষণার প্রতি ব্যাপক আগ্রহ দেখা যায়। মোট ১৪৫টি গবেষণাপত্রের সারসংক্ষেপ জমা পড়লেও যাচাই-বাছাই শেষে ৩৬টি গবেষণাপত্র নির্বাচিত হয়।
দুই দিনের আয়োজনে ১২টি গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি একাধিক প্যানেল আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। গবেষণার বিষয়গুলোর মধ্যে ছিল সংবাদকক্ষে জেনারেটিভ এআইয়ের ব্যবহার, অপতথ্য শনাক্তকরণ, গণমাধ্যম সাক্ষরতা, সম্পাদকীয় নৈতিকতা, ফ্যাক্টচেকিং এবং সাংবাদিকতা শিক্ষায় প্রযুক্তির প্রয়োগ।
সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল সাংবাদিকতা শিক্ষার সঙ্গে বাস্তব সংবাদকক্ষের চাহিদার সমন্বয়। প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে একজন সাংবাদিকের শুধু সংবাদ লেখার দক্ষতা থাকলেই চলবে না; তথ্য যাচাই, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা, নৈতিকতা এবং বিশ্লেষণী দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে—এমন বিষয় আলোচনায় উঠে আসে।
এ ছাড়া ডিজিটাল সংবাদমাধ্যমের জন্য সময়োপযোগী পাঠ্যক্রম তৈরি, শিক্ষার্থীদের এআই-সাক্ষরতা বৃদ্ধি এবং তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
সম্মেলনে সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যৎ ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে প্যানেল আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরা। দ্বিতীয় দিনে তথ্য যাচাই, ফ্যাক্টচেকিং, গণমাধ্যমে লিঙ্গ ও দৃশ্যমানতার উপস্থাপন, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা এবং সাংবাদিকতা পাঠ্যক্রমের আধুনিকায়ন নিয়ে গবেষণা উপস্থাপন করা হয়।
এ ছাড়া দ্য ডেইলি স্টারের ডেটা ও অনুসন্ধান বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাইমা ইসলাম সাংবাদিকতা শিক্ষার পাঠ্যক্রমকে সংবাদমাধ্যমের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে একটি কর্মশালা পরিচালনা করেন।
সংশ্লিষ্টদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার কাজকে সহজ ও গতিশীল করার পাশাপাশি তথ্যের নির্ভরযোগ্যতা এবং পেশাগত নৈতিকতার ক্ষেত্রেও নতুন প্রশ্ন তৈরি করছে। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার বিকল্প নেই।
দুই দিনব্যাপী এ সম্মেলন সাংবাদিকতা শিক্ষা, গবেষণা এবং পেশাগত গণমাধ্যমের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...