Logo Logo

নজর কাড়ছে নীলফামারীর বাবুপাড়ার পূজা মণ্ডপ


Splash Image

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাবুপাড়ায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ বছর এখানকার দুর্গাপূজা মণ্ডপটিকে দৃষ্টিনন্দন ও অনন্য রূপে সাজিয়ে তুলতে বিশাল কর্মযজ্ঞ চলছে। প্রায় ২০ লাখ টাকা প্রাক্কলিত বাজেটে নির্মিত হচ্ছে সুবিশাল ও কারুকার্যময় এই পূজা মণ্ডপ।


বিজ্ঞাপন


বর্তমানে বাঁশ, কাঠ ও সুতা ব্যবহার করে মণ্ডপের মূল কাঠামো এবং সুউচ্চ চূড়া নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আসা দক্ষ কারিগররা দিনরাত পরিশ্রম করে নিখুঁত কারুকার্যে সাজিয়ে তুলছেন পুরো প্রাঙ্গণ।

পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর ভক্ত ও দর্শনার্থীদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার ধারাবাহিকতায় এবার বৃহৎ পরিসরে এই আয়োজন করা হয়েছে। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মণ্ডপটি নীলফামারী জেলার অন্যতম সেরা আকর্ষণে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মণ্ডপের প্রধান কারিগর জানান, নকশা অনুযায়ী বাঁশের নিখুঁত বুনন ও নান্দনিক রূপ ফুটিয়ে তুলতে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়ের আগেই সাজসজ্জার সম্পূর্ণ কাজ শেষ হবে।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর নীলফামারীর ছয়টি উপজেলায় মোট ৮৯০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় বেশি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে নীলফামারীর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান জানান, ৮৯০টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে সব উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বাঁশ ও কাঠের নির্মিত বিশাল রাজকীয় কাঠামোটি ইতোমধ্যেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। প্রতিমা স্থাপন ও আলোকসজ্জার কাজ শেষ হলে মণ্ডপটি আরও মোহনীয় হয়ে উঠবে বলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীরা মনে করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...