Logo Logo

জামালগঞ্জে ৫৫টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, নিরাপত্তায় কঠোর নজরদারি


Splash Image

সুনামগঞ্জের জামালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে এবং ভীমখালী ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

সভায় জানানো হয়, এ বছর জামালগঞ্জ উপজেলার মোট ৫৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য পূজা উদযাপন কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা জামালগঞ্জের ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব পালনের ওপর গুরুত্বারোপ করেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

সভায় জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফাইজুর রহমান (ফয়েজ), আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান এবং ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার ও ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার উপস্থিত ছিলেন।

এছাড়াও জামালগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মোহাম্মদ সায়েম খান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আলতাফুর রহমান, মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ বিন ফরিদ মুসা এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের সদস্যরা উপস্থিত থেকে তাঁদের মতামত ব্যক্ত করেন। প্রস্তুতি পর্যালোচনা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...