Logo Logo

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

গোপালগঞ্জে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ


Splash Image

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতা।


বিজ্ঞাপন


সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দিনব্যাপী শহরের গোপালগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজয়ী এবং শহরের যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল—‘কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের সৃজনশীলতার জন্য হুমকি নয়, বরং নতুন নতুন সম্ভাবনার দ্বার।’ এ পর্বে সেরা বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা আরিবা মারজান আরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. ইকবাল হোসেন। কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. হাবিবুর রহমান মর্ডারেটরের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আমিনুল হাসান শাহীন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম বাড়ৈ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. তুহিন রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাচান ইমাম, সহকারী অধ্যাপক ফকরুজ্জামান, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোজ রায় এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইনামুল মিয়া।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন দৈনিক সমকালের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা। বিতর্ক উৎসবের সার্বিক আয়োজনে সহযোগিতা করেন সুহৃদ সমাবেশ, বিজ্ঞান ক্লাব ও ডিবেট ক্লাবের সদস্যরা। তারা সময় নিয়ন্ত্রণ, অতিথিদের স্বাগত জানানোসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

তিনটি রাউন্ডে জেলার আটটি স্কুলের ২৪ জন বিতার্কিক জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে অংশ নেন। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিতার্কিকদের উপস্থিতিতে গোপালগঞ্জ সরকারি কলেজ চত্বর উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিযোগিতা শুরুর আগেই কলেজের মিলনায়তন শিক্ষক, শিক্ষার্থী ও বিতার্কিকদের মিলনমেলায় পরিণত হয়।

প্রতিটি পর্বে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা মুহুর্মুহু করতালির মাধ্যমে বিতার্কিকদের উৎসাহ দেন। যুক্তি ও তর্কের প্রাণবন্ত লড়াইয়ে প্রতিটি পর্বেই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা দেখা যায়।

এবারের গোপালগঞ্জ জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সীতানাথ মথুরানাথ সরকারি উচ্চ বিদ্যালয়, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাঝিগাতী দশপল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়, নিলফা-বয়রা উচ্চ বিদ্যালয়, কোটালীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন এবং স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...