Logo Logo

সংসদ সদস্য এস এম জিলানী

বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল


Splash Image

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, “গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল তা আপনারা সবাই জানেন। একটি বিদেশি রাষ্ট্রের পরামর্শে বিগত সরকার এই জাতিকে মেধাশূন্য করে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল।”


বিজ্ঞাপন


আজ শনিবার (১০ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়ার আরডিএ হলরুমে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল আয়োজিত পঞ্চম শ্রেণির ১৬০ জন বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বিগত সরকারের আমলে শিক্ষকদের এমন নির্দেশনা দেওয়া হয়েছিল যে, শিক্ষার্থীরা খাতায় না লিখলেও যেন তাদের পাস করিয়ে দেওয়া হয়। তবে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সেই করুণ অবস্থা থেকে শিক্ষা খাতকে বের করে এনেছে। বর্তমানে শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

শিক্ষার আধুনিকায়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে এমপি এস এম জিলানী বলেন, সরকার শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তি নির্ভর শ্রেণিকক্ষ পরিচালনার জন্য ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। এছাড়া আগামীতে সারাদেশে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালুসহ শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উপস্থিত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী নানা পদক্ষেপ নিয়েছে। তবে এসব সরকারি উদ্যোগের বাইরেও আমি ব্যক্তি উদ্যোগে কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করতে চাই। এজন্য শিক্ষক ও সুধী সমাজকে গঠনমূলক পরামর্শ দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার মোস্তফাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...