Logo Logo

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ


Splash Image

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের জন্য বরাদ্দ করা চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


প্রকৃত ও নিবন্ধিত জেলেদের অনেকে সরকারি বরাদ্দের চাল থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠুভাবে চাল বিতরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার কচুয়া ফেরিঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী জেলেরা। মানববন্ধনে শৌলজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কার্ডধারী জেলে মো. খোকন, ৯ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহিম ও মো. আজাহার আলী ফকিরসহ একাধিক নিবন্ধিত জেলে বক্তব্য দেন।

মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা অভিযোগ করেন, সরকারি নিয়ম ও তালিকা অনুযায়ী চাল বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়ম করা হচ্ছে। এতে সরকারি সহায়তা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও অনেক প্রকৃত জেলে তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা দ্রুত অভিযোগ তদন্ত করে প্রকৃত কার্ডধারী জেলেদের মধ্যে সরকারি বরাদ্দের চাল বিতরণের দাবি জানান।

মানববন্ধনে ১ নম্বর ওয়ার্ডের জেলে মো. খোকন বলেন, “আমরা কষ্ট করে নদীতে মাছ ধরে সংসার চালাই। সরকার আমাদের জন্য যে চাল পাঠায়, তা বিতরণ নিয়ে প্রতিবারই টালবাহানা করা হয়। এবারও চাল বিতরণে অনিয়ম করা হয়েছে। ফলে নিবন্ধিত অনেক জেলে খালি হাতে ফিরে গেছেন।”

৯ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী জেলে মো. আব্দুর রহিম বলেন, তাঁরা কার্ডধারী ও প্রকৃত জেলে হওয়া সত্ত্বেও বিতরণ প্রক্রিয়ায় অনিয়মের কারণে সময়মতো সরকারি বরাদ্দ পাচ্ছেন না। দ্রুত এসব অভিযোগ তদন্ত করে প্রকৃত কার্ডধারী সব জেলের মধ্যে চাল বিতরণের দাবি জানান তিনি।

এদিকে চাল বিতরণে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. শামসুল আলম। তিনি বলেন, “আমার ইউনিয়নে মোট ৫৫০ জন নিবন্ধিত জেলে কার্ডধারী রয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা মাত্র ১৮০ জনের বরাদ্দ পেয়েছি। প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করা হয়েছে। সরকারি বরাদ্দ কম থাকায় বাকি জেলেদের চাল দেওয়া সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নিজে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। ফলে সেখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ ছিল না।

তবে বরাদ্দের তুলনায় বেশি সংখ্যক নিবন্ধিত জেলে থাকায় বঞ্চিতদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...