Logo Logo

গুণগত মান নিশ্চিতের নির্দেশ

সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিম্নমানের কাজে ক্ষুব্ধ রেলমন্ত্রী


Splash Image

সৈয়দপুর রেলওয়ে কারখানায় ট্রেনের কোচ মেরামতে নিম্নমানের অ্যালুমিনিয়াম পাতের ব্যবহার ও কাজের মান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শনকালে একটি রেলকোচের জানালার ফ্রেমে ত্রুটি দেখতে পেয়ে তিনি অবিলম্বে মেরামত ও উৎপাদনকাজে গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দেশের ঐতিহ্যবাহী সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে যান রেলমন্ত্রী। এ সময় তিনি কারখানার বিভিন্ন বিভাগের মেরামত ও উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনের একপর্যায়ে মন্ত্রী কারখানার ক্যারেজ শপে মেরামতাধীন ‘বিজি ৭৩১৭’ নম্বর কোচের ওপর উঠে জানালার ফ্রেমের কাজ পর্যবেক্ষণ করেন। এ সময় ফ্রেম তৈরিতে অত্যন্ত হালকা ও নিম্নমানের অ্যালুমিনিয়াম পাত ব্যবহার এবং কাজের মানে ত্রুটি দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি কাজের গুণগত মান নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন।

রেলমন্ত্রী স্পষ্টভাবে জানান, রেলের কোচ মেরামত, পুনর্নির্মাণ কিংবা খুচরা যন্ত্রাংশ তৈরির কোনো পর্যায়েই নিম্নমানের উপকরণ ব্যবহার ও কাজে অবহেলা বরদাশত করা হবে না। রেলের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে প্রতিটি কাজে গুণগত মান বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে মন্ত্রী কারখানার সেলুন কার, বগি শপ ও পেইন্ট শপ ঘুরে দেখেন। এ ছাড়া চিফ মেকানিক্যাল ওয়ার্কশপ (সিএমডব্লিউ) বিভাগে কোচের চাকায় টায়ার পরানোর প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। পরে ফাউন্ড্রি শপে গলিত লোহা ব্যবহার করে ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির কার্যক্রমও খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, “রেলের আধুনিকায়ন এবং যাত্রীসেবার মান উন্নয়নে সৈয়দপুর রেলওয়ে কারখানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারখানায় কোচ মেরামত ও পুনর্নির্মাণে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।”

তিনি কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং প্রতিটি ক্ষেত্রে মানসম্মত কাজ নিশ্চিত করার আহ্বান জানান।

পরিদর্শনকালে রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) আহম্মদ হোসেন মাসুমসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...