Logo Logo

নীলফামারীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত


Splash Image

নীলফামারীতে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক ও বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক স্মারক আলোচনা সভা ও ভাবগম্ভীর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির সভাপতিত্ব করেন। সভায় অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সোহায়েল পারভেজ এবং জেলা কালচারাল অফিসার নুসরাত তাবাসসুম রিমু। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও সুধীজনেরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা ফকির লালন সাঁইয়ের জীবন ও দর্শনের ওপর আলোকপাত করে বলেন, "লালন শাহ ছিলেন মানবতার মূল সুরের কবি। তিনি জাতি, ধর্ম ও বর্ণগত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে চিরন্তন মনুষ্যত্বের জয়গান গেয়েছেন। তাঁর সৃষ্টিশীল দর্শন ও গান আজও আমাদের অসাম্প্রদায়িক, বৈষম্যহীন এবং সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গঠনে সমানভাবে অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছে।"

সম্মেলন শেষে 'নজরুল বর্ষ' উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সমাপনী পর্বে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে লালন সংগীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...