বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন—নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পনিয়াল পুকুর এলাকার মো. ওয়াহেদ ইসলাম (৬৫), সদর উপজেলার উত্তর পঞ্চপুকুর মাঝাপাড়া এলাকার মো. রবি ইসলাম (২৫) এবং দিনাজপুর জেলার খানসামা উপজেলার ছাতিয়ানগড় এলাকার মো. রফিকুল ইসলাম (৪৫)। পুলিশ জানায়, উৎসবের মৌসুমে যাত্রীর বেশ ধরে চালকদের সঙ্গে সখ্য গড়ে তুলে কৌশলে খাবারের সঙ্গে বিষাক্ত কিংবা চেতনানাশক দ্রব্য মিশিয়ে সর্বস্ব লুটে নেওয়া এই চক্রের দীর্ঘদিনের অপকৌশল।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সকালে জলঢাকা উপজেলার মীরগঞ্জ হাটের অটোরিকশাচালক মো. নূর ইসলাম জীবিকার তাগিদে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হন। এ সময় সাকিব ইসলাম নামের এক যুবকসহ দুজন ব্যক্তি দিনভর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে বেড়ানোর কথা বলে ভ্যানটি ভাড়া করে। দিনভর ঘোরার পর রাত আনুমানিক পৌনে ১২টার দিকে তারা সুপরিকল্পিতভাবে চালক নূর ইসলামকে সদর উপজেলার পলাশবাড়ী বাজার এলাকায় নিয়ে যায়। সেখানে একটি স্থানীয় চা স্টলে কৌশলে চায়ের কাপে চেতনানাশক মিশিয়ে খাইয়ে দিয়ে চালককে সংজ্ঞাহীন করে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায় তারা।
ঘটনার আকস্মিকতা ও চালকের অস্বাভাবিক শারীরিক অবস্থা টের পেয়ে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাৎক্ষণিক সাকিব ইসলামকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। একই সঙ্গে সংজ্ঞাহীন চালক নূর ইসলামকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আটক সাকিবের দেওয়া স্বীকারোক্তি ও ভুক্তভোগী চালকের স্ত্রীর তথ্যের ভিত্তিতে মাঠে নামে পুলিশ।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে নীলফামারী জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মো. ফারুক আহমেদ, পিপিএম (সেবা) ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে। সদর উপজেলার পঞ্চপুকুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে চক্রের সদস্য মফিজুল ইসলাম ওরফে হাজীকে একটি চোরাই অটোভ্যানসহ পাকড়াও করা হয়।
পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জে ওয়াহেদ ইসলামের বাড়ির আঙিনা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় আরও একটি চোরাই ভ্যান এবং জলঢাকায় রবি ইসলামের শ্বশুরের বাড়ি থেকে একটি ইজিবাইক উদ্ধার করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের খানসামা বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যবসায়ী রফিকুল ইসলামকে গ্রেপ্তার ও আরও একটি অটোভ্যান জব্দ করে পুলিশ। এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...