Logo Logo

অঙ্গীকারনামা ছাড়া মিলবে না ভারতীয় ভিসা


Splash Image

ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসার আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা অঙ্গীকারনামা’ (Visa Undertaking Form) আপলোড করতে হবে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে অঙ্গীকারনামার ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর সেটি স্ক্যান করে অনলাইন ভিসা আবেদনপত্রের সঙ্গে NIC Visa Application Portal-এ আপলোড করতে হবে। নির্ধারিত ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাটে জমা দেওয়া ফর্ম গ্রহণ করা হবে না।

অঙ্গীকারনামায় আবেদনকারীর পাসপোর্ট অনুযায়ী পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ ও ঢাকার বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। পাশাপাশি ভারত সফরের উদ্দেশ্য; যেমন পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা সম্মেলন; স্পষ্টভাবে জানাতে হবে।

ফর্মে আবেদনকারীকে কয়েকটি বিষয়ে অঙ্গীকার করতে হবে। এর মধ্যে রয়েছে, ভিসার নির্ধারিত উদ্দেশ্যেই ভারতে অবস্থান করা, সফর শেষে নিজ দেশে ফিরে আসা এবং কোনোভাবেই ভিসার মেয়াদ অতিক্রম না করা। এ ছাড়া ভারতে অবস্থানকালে দেশটির আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার ঘোষণাও দিতে হবে।

হাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, এসব শর্ত লঙ্ঘন করলে ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

অঙ্গীকারনামায় আবেদনকারীর স্বাক্ষরের পাশাপাশি স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নির্দেশনার ফলে ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ ও আপলোড করেছেন কি না, তা নিশ্চিত করতে হবে আবেদনকারীদের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...