Logo Logo

ট্রাকচাপায় শিশুসহ এক পরিবারের ৩ জনসহ নিহত ৪


Splash Image

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় আট মাসের শিশুসহ একই পরিবারের তিনজন এবং আরও একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।


বিজ্ঞাপন


শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩), আট মাস বয়সী মেয়ে রিফা এবং লিখন আকন্দ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময় জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। আহতদের মধ্যে অটোরিকশাচালক ও মোটরসাইকেল আরোহীসহ তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহী লিখন আকন্দের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটি আটক করেন। তবে চালক পালিয়ে গেছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ আইনগত কার্যক্রম শুরু করেছে। আটক ট্রাকের চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...