বিজ্ঞাপন
সবজি ব্যবসায়ীরা জানান, টানা দুই দিনের বৃষ্টির কারণে শনিবার গোপালগঞ্জের বাজারে পর্যাপ্ত সবজি আসেনি। সরবরাহ কম থাকায় আড়তে বেশি দামে সবজি কিনতে হয়েছে তাঁদের। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ শহরের বড় বাজারের সবজি মার্কেটে সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি উচ্ছে ৬০ টাকার পরিবর্তে ১০০ টাকা, ফুলকপি ৬০ টাকার পরিবর্তে ৮০ টাকা, বাঁধাকপি ৫০ টাকার পরিবর্তে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকার পরিবর্তে ৮০ টাকা, পেঁপে ২৫ টাকার পরিবর্তে ৪০ টাকা, বেগুন ৮০ টাকার পরিবর্তে ১২০ টাকা, শসা ৩০ টাকার পরিবর্তে ৫০ টাকা, কাঁচামরিচ ৭০ টাকার পরিবর্তে ১০০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকার পরিবর্তে ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকার পরিবর্তে ৬০ টাকা এবং মুখিকচু ৫০ টাকার পরিবর্তে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি হালি কাঁচকলা ৩০ টাকার পরিবর্তে ৫০ টাকা, লেবু ৩০ টাকার পরিবর্তে ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারের একটি লাউ ৩০ টাকার পরিবর্তে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শহরের গেটপাড়া এলাকার বাসিন্দা সবজি ক্রেতা জাহিদুল ইসলাম বলেন, সবজির ভরা মৌসুমে দাম বাড়ার কথা নয়। বরং দিন যাওয়ার সঙ্গে সঙ্গে দাম কমার কথা। কিন্তু গোপালগঞ্জের চিত্র উল্টো। এখানে লকডাউনের কারণে যানবাহন চলাচল সীমিত ছিল। এর সঙ্গে দুই দিনের টানা বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কমেছে। ফলে প্রকারভেদে সবজির দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে, যা অস্বাভাবিক।
শহরের বেদগ্রাম এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, গ্যাসের দাম, চালের দামসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বাজারে এলেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। সবজির দাম এত দিন নাগালের মধ্যে ছিল। কিন্তু হঠাৎ দাম বেড়ে যাওয়ায় নির্ধারিত বাজেটের মধ্যে সবজি কেনা সম্ভব হচ্ছে না। তিনি বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সবজি বিক্রেতা আল-আমিন ইসলাম বলেন, গত বৃহস্পতিবার গোপালগঞ্জের বাজার বন্ধ ছিল। শুক্রবারের বৃষ্টিতে জনজীবন প্রায় অচল হয়ে পড়ে। শনিবার বৃষ্টি কমলেও সকালে আড়তে সবজির আমদানি ছিল কম। তাই বেশি দামে সবজি কিনতে হয়েছে। এ কারণে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। সরবরাহ কম থাকায় অনেক ব্যবসায়ী চাহিদা অনুযায়ী সবজিও কিনতে পারেননি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ক্রেতার সংখ্যা বাড়লেও পর্যাপ্ত সবজি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক আড়তদার জানান, মোকামে সবজির আমদানি কম ছিল। সেখান থেকে ট্রাকে অল্প পরিমাণ সবজি আনা হয়েছে। এতে পরিবহন খরচও বেড়েছে। এসব কারণে সবজির দাম বাড়াতে হয়েছে। তবে আগামী এক-দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তাঁরা আশা করছেন।
গোপালগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, সবজির বাজার পরিস্থিতি তাঁরা তদারকি করছেন। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...