বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, নাওজোড় এবং চান্দনা চৌরাস্তাসহ বেশ কয়েকটি কারখানার সামনে এই বিক্ষোভ শুরু হয়।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নির্ধারিত সময়ে কারখানায় আসার পর বিভিন্ন কারখানার শ্রমিকরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে তারা চান্দনা চৌরাস্তা থেকে শুরু করে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে বন্ধ হয়ে যাওয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছানো মাত্রই উত্তেজিত শ্রমিকরা তাদের লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাল্টা টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় কিছু শ্রমিক সড়কে নেমে সাময়িক সমস্যার সৃষ্টি করেছিল। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, নতুন মজুরি কাঠামো নিয়ে গত কয়েকদিন ধরেই গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ বিরাজ করছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...